উত্তরায় যত্রতত্র রাস্তা পারাপারে ৭৯ জনের জরিমানা
‘যত্রতত্র রাস্তা পার হবেন না, রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহার করুন’—মাইকে এমন সতর্কবাণী বাজলেও সেদিকে কর্ণপাত করেন না কেউ। তাঁদের অনেকেই পদচারী-সেতুতে না উঠে যত্রতত্র ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন।
তাই পদচারী-সেতু ব্যবহারে জনগণকে সচেতন করার লক্ষ্যে গতকাল ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন উত্তরা ট্রাফিক জোনের সদস্যরা বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান এই আদালত পরিচালনা করেন। এ সময় পদচারী-সেতু ব্যবহার না করে রাস্তা পার হওয়ার কারণে ৭৯ জনকে ৪ হাজার ৭২০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপস্থিত ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার প্রথম আলোকে বলেন, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ। পদচারী-সেতু ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে গুলশান ট্রাফিক জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল আলম, উত্তর ট্রাফিকের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. খোরশেদ আলম, সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) ইয়াসমিন সাইকা পাশা প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।