উত্তরায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ি থেকে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, হত্যার পর আলামত নষ্ট করতে তাঁর মুখমণ্ডলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে।
তুরাগ থানা সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে তুরাগ থানার পুলিশ উত্তরার ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ি ৪/এ নম্বর সড়কের ৩৩/এ প্লট-সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। তাঁর দুই হাত-পা সালোয়ার-কামিজ দিয়ে বাঁধা এবং গলায় ওড়না ও মাফলার প্যাঁচানো ছিল। মুখমণ্ডল থেঁতলানোর কারণে বিকৃত হয়ে গেছে। পরনে ছিল ঘিয়ে রঙের শার্ট ও নীল রঙের জিনসের প্যান্ট। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তদন্তকারী তুরাগ থানার এসআই কামাল হোসেন বলেন, হত্যা করে লাশ এখানে ফেলে গেছে খুনিরা।
দুটি অস্বাভাবিক মৃত্যু: গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হাইকোর্টের পাশে কদম ফোয়ারার সামনে সিটি পরিবহনের একটি বাস আবদুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তিকে চাপা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিংয়ে থাকতেন। তাঁর বাবার নাম জামালউদ্দিন।
অন্য ঘটনায় গত সোমবার রাতে পল্লবীর পলাশনগরে ইমন নামের তিন বছর বয়সী শিশু পানিতে ডুবে মারা গেছে। ইমন তার মা-বাবার সঙ্গে পল্লবীর পলাশনগরে থাকত। সোমবার রাত নয়টার দিকে শিশু ইমন বাসা থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর তাকে পাশের বাড়ির একটি চৌবাচ্চায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।