উত্তরায় রেললাইনের ওপর ফলের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় বিমানবন্দর রেলস্টেশন-সংলগ্ন আশকোনা রেলক্রসিংয়ের ওপর গড়ে উঠেছে অবৈধ ফলের বাজার। এক মাসেরও বেশি সময় ধরে চলছে এ বাজার। দোকান আছে প্রায় ১৫টি। 

গত সোমবার দেখা যায়, আশকোনা রেলগেট এলাকায় রেললাইনের স্লিপারের ওপর ঝুড়িভর্তি নানা রকম ফল সাজিয়ে বসে আছেন দোকানিরা। বিক্রি হচ্ছে আম, পেয়ারা, আপেল, কমলা, আঙুর, লটকনসহ বিভিন্ন ফল। হঠাৎ গেটম্যানের বাঁশির শব্দে সতর্ক হয়ে উঠলেন বিক্রেতারা। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন রেলগেটে আসার আগেই দোকানিরা মালামাল, ছাতা ও বসার টুল সরিয়ে নিলেন। ট্রেন চলে গেলে আবার একই জায়গায় বসে পড়লেন।  

রেললাইনের ওপর বাজার থাকায় পথচারীদের রাস্তা পারাপারেও সমস্যা হচ্ছে। নিয়মিত চলাচলকারীদের একজন হাসমত আলী বলেন, যেখানে সবাই নিরাপদে পারাপারে ব্যস্ত থাকে, সেখানেই বসেছে বাজার। এখানে দাঁড়িয়ে মানুষ ফল কেনে, রাস্তায় ভিড় জমে যায়। রাস্তা পারাপারে সমস্যা হয়।  

জানতে চাইলে দায়িত্ব পালনকারী গেটম্যান মো. আশরাফ বলেন, ‘এরা আমাদের কথা শোনে না। অনেকবার বলেছি, কোনো লাভ হয়নি। আমরা তো দায়িত্ব পালন করছি। ট্রেন এলে গেট নামিয়ে দিই, বাঁশি বাজাই। তখন এরা দোকানগুলো সরিয়ে নেয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক আমবিক্রেতা বলেন, ‘কোনো সমস্যা হয় না, ট্রেন আসতে দেখলেই আমরা দোকান তুলে নিই। কোনো দুর্ঘটনাও ঘটে না।’ কাউকে টাকা দিতে হয় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা দিতে হইব কেন? আমরা তো খুঁটি গাইড়া বসি নাই।’

নাম প্রকাশ না করার শর্তে সেখানে কর্তব্যরত ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের একজন সদস্য প্রথম আলোকেবলেন, ‘এক মাসের বেশি হবে এখানে বাজার বসেছে। পথচারীদের ভিড় অনেক বেশি। লোকজনের পারাপারে বেশ সমস্যা হচ্ছে। দুর্ঘটনারও আশঙ্কা আছে।’