উত্তরায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
রাজধানীর উত্তরায় আদনান কবীর নামের এক স্কুলছাত্র গতকাল শুক্রবার বন্ধুদের পিটুনিতে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, এলাকায় কিশোরদের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে আদনানকে মারধর করে বন্ধু-সহপাঠীরা। লাঠির আঘাতে সে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় ফেলে গেলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সে উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। বাসা উত্তরা ১২ নম্বর সেক্টরে।
আবদুর রাজ্জাক বলেন, কিশোরদের এলাকাভিত্তিক দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। ঘটনার সময় আদনানের পক্ষের লোকজন ছিল না। এ কারণে সে পিটুনির শিকার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কিশোরদের গ্রেপ্তার করতে
অভিযান চলছে।