উত্তরায় ১০৬ ভরি সোনা, ২০ লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় রাতভর অভিযান চালিয়েছে বিমানবন্দর থানার পুলিশ। ১১ নম্বর রোডের ১৮ নম্বর বাসার দোতলার একটি ফ্ল্যাট থেকে ১০৬ ভরি সোনার অলংকার, ২০ লাখের বেশি টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। এটি প্রতারক চক্রের ভাড়া নেওয়া ফ্ল্যাট বলে পুলিশের সূত্র জানিয়েছে।

পুলিশের প্রজ্ঞাপনে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত নয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ওই বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১০৬ ভরি স্বর্ণ (সোনার অলংকার), নগদ ২০ লাখ ৫২ হাজার ৯৯০ টাকা, ২৫টি মোবাইল ফোন সেট, পাকিস্তানি মুদ্রায় পাঁচ হাজার পাঁচ রুপি, ৪ হাজার ৫১০ মার্কিন ডলারসহ কয়েকটি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে প্রচুর মানিব্যাগ, পার্স, সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহিল কাফী প্রথম আলোকে বলেন, ৯ আগস্ট উত্তরা ১ নম্বর সেক্টর থেকে সাদিয়া আকতার ওরফে তানিয়া (৩০) নামের একজনকে আটক করা হয়। ওই এলাকার এক বাসা থেকে প্রতারণা করে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একটি প্রতারক চক্রসহ উত্তরার ১২ নম্বর সেক্টরের এই ফ্ল্যাটের সন্ধান পায় পুলিশ।
পুলিশের ভাষ্য, সংঘবদ্ধ চক্রটি মিরপুর, বনানী, গুলশান ও উত্তরা এলাকায় প্রতারণা করে থাকে। বাসায় একলা থাকা বয়স্ক মানুষ এদের শিকার। ১০ থেকে ১২ জনের এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।