ছাত্রলীগের বহিরাগত কর্মীরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় ওই হামলা চালান তাঁরা। এতে একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম আধা ঘণ্টার জন্য বন্ধ রাখে কর্তৃপক্ষ।
কলেজের অন্তত পাঁচজন দায়িত্বশীল শিক্ষক ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল সকাল নয়টা থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় ভর্তি হতে আসা শিক্ষার্থীরা কলেজের অফিসকক্ষের সামনে লাইনে দাঁড়ায়। এ সময় ছাত্রলীগের বহিরাগত কর্মী পিয়াসের নেতৃত্বে সংগঠনটির একদল কর্মী ভর্তিচ্ছু কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেন।
বিষয়টি জানতে পেরে অধ্যক্ষ মো. আবদুর রশীদ ছাত্রলীগের কর্মী পিয়াসকে তাঁর কার্যালয় ডেকে আনেন। ওই সময়ে অধ্যক্ষ তাঁর পরিচয় জানতে চান। এতে পিয়াস উত্তেজিত হয়ে অধ্যক্ষের সঙ্গে খারাপ ব্যবহার করেন। একপর্যায়ে অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে পিয়াস দলবল নিয়ে কলেজের অফিসকক্ষের কাচ ভাঙচুর করেন। পরে তাঁরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে একটি ককটেল এবং কলেজের পুরাতন একাডেমিক ভবনের পাশে আরও আট থেকে দশটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ সময় ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগেও গত সোমবার দুপুরে কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আরেফা খাতুনের ছেলে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসে। ওই সময় পিয়াস কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় ওই শিক্ষকের ছেলেকে কয়েকটি চড় মারেন পিয়াস।
খোঁজ নিয়ে জানা গেছে, পিয়াসের বাড়ি কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায়। তিনি মহানগর ছাত্রলীগের কর্মী আবদুল আজিজ ওরফে সিহানুরের অনুসারী বলে পরিচিতি।
ছাত্রীদের উত্ত্যক্ত করা ও কলেজে ভাঙচুর এবং শিক্ষকের ছেলেকে মারধর করার বিষয়ে কথা বলার জন্য পিয়াসের মুঠোফোনে গতকাল বিকেলে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
অধ্যক্ষ মো. আবদুর রশীদ বলেন, ‘ছাত্রলীগ নামধারী একদল বহিরাগত বখাটে গত সোমবার থেকে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছে। দুই দিনেই তারা শিক্ষার্থীদের মারধরসহ কলেজে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে ঘটনার সময় পুলিশ কলেজে ছিল না। আমরা ভর্তির সময় কলেজে পুলিশ মোতায়েনের চিঠি দিয়েছিলাম।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ছাত্রলীগ নামধারী বহিরাগতরা এ কাজ করেছে। কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সকালে কলেজে গিয়ে টহল দিয়ে আবার
ফিরে আসে।