উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় যুবক খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে এক তরুণীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক যুবক খুন হয়েছেন। গত বুধবার বিকেলে ভৈরবের মেঘনা নদীর পারে এ ঘটনা ঘটে।

নিহত যুবক রমজান আলী (২০) নরসিংদী সদর উপজেলার চম্পকনগর মধ্যপাড়ার আবদুল মজিদ সরকারের ছেলে। তিনি পেশায় শ্রমিক।

নিহত যুবকের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, বুধবার বিকেলে রমজান তাঁর পাঁচ বন্ধুকে নিয়ে ভৈরবের মেঘনা নদীর তীরে বেড়াতে আসেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর পারে পশ্চিম দিকে তাঁরা হাঁটছিলেন। এ সময় সেখানে কয়েকজন লোক এক তরুণীকে উত্ত্যক্ত করছিল। ওই তরুণী তখন রমজান ও তাঁর বন্ধুদের কাছে সাহায্য চান। এ সময় রমজান উত্ত্যক্তকারীদের বাধা দেন। এই নিয়ে উত্ত্যক্তকারীদের সঙ্গে রমজান ও তাঁর বন্ধুদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই লোকেরা চলে যায়। এরপর রমজান তাঁর বন্ধুদের নিয়ে আবার ঘুরতে চলে যান।

এর কিছুক্ষণ পর ওই লোকেরা আবার রমজান ও তাঁর বন্ধুদের গতি রোধ করে। বিষয়টি বুঝতে পেরে যে যাঁর মতো করে দৌড়ে পালিয়ে যান। কিন্তু রমজান পালাতে পারেননি। তখন দুর্বৃত্তরা রমজানকে ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয় লোকজন রমজানকে রাত আটটার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তখন চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই রমজান মারা গেছেন।

রমজানের সঙ্গে আসা শামীম সরকার বলেন, ‘কয়েকজন বখাটে মেয়েটিকে ঘিরে ধরে উত্ত্যক্ত করছিল। আমাদের দেখে মেয়েটি সাহায্য চান। কেন এমন করছেন—আমরা শুধু এই কথাটি জিজ্ঞেস করেছিলাম। তখন বখাটেরা সংঘবদ্ধ হয়ে আমাদের ঘিরে ধরে। পরে এসে হামলা চালায়।’

রমজানের বাবা আবদুল মজিদ সরকার বলেন, রমজান তাঁর একমাত্র ছেলে। ছেলের উপার্জন দিয়ে সংসারের খরচ চলত।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রমজানের বুকে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিহত যুবকের ময়নাতদন্ত হয়েছে।