উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সাজেদুর রহমান (২৭) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে কুড়িগাতি গ্রামের লিয়াকত আলীর ছেলে সাজেদুর রহমান মুঠোফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। এ তথ্য জানতে পেরে এলাকাবাসী গতকাল সকালে সাজেদুরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মুহাম্মদ ইব্রাহীম ওই ছাত্রীর কাছ থেকে উত্ত্যক্তের অভিযোগ শুনে সাজেদুরকে ছয় মাসের কারাদণ্ড দেন। ধুনট থানার ওসিমিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।