উত্ত্যক্ত করার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) উত্ত্যক্ত এবং এ কাজে সহায়তা করার অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উত্ত্যক্ততার শিকার ছাত্রীর বাবা মধ্যনগর থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন সোহেল মিয়া (২৩) ও তাঁর বড় ভাই জুয়েল মিয়া (২৬)। তাঁদের বাড়ি ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। পুলিশ বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করেছে।
মধ্যনগর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে বেশ কিছুদিন ধরে মধ্যনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. সোহেল মিয়া নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে ওই ছাত্রীর বাবা সোহেলের বড় ভাই জুয়েল মিয়ার কাছে একাধিকবার অভিযোগ দিলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। উল্টো তিনি ওই ছাত্রীকে তাঁর ভাইয়ের কাছে বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন।
এ ঘটনায় হওয়া মামলা সূত্রে জানা গেছে, ১৭ জুলাই সকাল পৌনে ৯টার দিকে ওই ছাত্রী বাড়ি যাওয়ার পথে মধ্যনগর ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র ভবনের সামনের সড়কে এলে সোহেল মিয়া তাকে উত্ত্যক্ত করতে শুরু করেন। একপর্যায়ে তিনি তাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তখন সোহেল দ্রুত পালিয়ে যান।
কারাগারে থাকায় অভিযোগের বিষয়ে সোহেল ও তাঁর বড় ভাইয়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।