উত্ত্যক্ত করার অভিযোগে সহপাঠীর নামে মামলা
বগুড়ার ধুনটে সহপাঠীর বিরুদ্ধে উত্ত্যক্ত ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছে এক স্কুলছাত্রী। গত বুধবার রাতে মামলাটি লিপিবদ্ধ করা হয়।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম তার এক সহপাঠীকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে সে ছাত্রীটিকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় রবিউল ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর সকালে ছাত্রীটি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রবিউল তার পথরোধ করে আবারও কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় রবিউল ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে গালাগাল করে এবং চড়-থাপড় ও কিল-ঘুষি মারে। এতে ছাত্রীটি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ছাত্রীটি ১০ সেপ্টেম্বর বিকেলে রবিউলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়।
পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে গত বুধবার রাতে অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করে।
অভিযুক্ত রবিউলের বাবা শাহীন মণ্ডলের দাবি, মেয়েটির একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে প্রাইভেট শিক্ষক তাঁর ছেলেকে মারধর করেছেন। এ কারণে তাঁর ছেলে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে চড়-থাপড় মেরেছে। উত্ত্যক্তের কোনো ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। এ কারণে অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। এখন আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।