উত্ত্যক্ত করার দায়ে একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ওই বিদ্যালয়ের অফিসসহায়ককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার আদালত তাঁকে ওই শাস্তি দেন।
দণ্ড পাওয়া ওই অফিস সহায়কের নাম মুকুল হোসেন (২৪)। সে স্থানীয় একটি বিদ্যালয়ে চাকরি করে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, গত সোমবার ছুটির পর মুকুল হোসেন বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে ফুসলিয়ে বিদ্যালয়সংলগ্ন ডিমশহর গ্রামে তার খালার বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই শিক্ষার্থীকেই প্রেমের প্রস্তাব দেয় সে। এতে ছাত্রীরা রাজি না হওয়ায় তাদের মারধর করাসহ লাঞ্ছিত করে সে। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। মুকুল এ সময় পালিয়ে যায়।
ওসি আরও জানান, ওই দুই ছাত্রী বিদ্যালয়ে ফিরে প্রধান শিক্ষককে ঘটনাটি জানায়। পরে মুকুলও বিদ্যালয়ে এলে প্রধান শিক্ষক তাকে জিজ্ঞাসাবাদ করেন। সে ঘটনার কথা স্বীকার করায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। রাত সাড়ে আটটার দিকে পুলিশ মুকুলকে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজাউল করিমের কার্যালয়ে হাজির করলে তিনি তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ব্যবস্থাপনা কমিটির সভা ডেকে মুকুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।