উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সহপাঠীকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার সহপাঠী এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে একদল বখাটে। উপজেলার রাসটিলা গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটে।
বখাটের হামলায় আহত ওই ছাত্রের নাম শামীম আহমদ (১৪)। সে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর।
এলাকাবাসী এবং ওই ছাত্রীর মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসায় যাওয়া-আসার পথে রাসটিলা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে রকি মিয়া তাকে নানাভাবে উত্ত্যক্ত করে। ঘটনাটি জানতে পেরে মাদ্রাসার অধ্যক্ষ বিষয়টি আনোয়ার মিয়াকে জানান। গত সোমবার বিকেল চারটায় মাদ্রাসা ছুটি হওয়ার পর ওই ছাত্রী বাড়ি যাচ্ছিল। পথে রকি মিয়া ও তার সহযোগী সবুজ মিয়া ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় ওই ছাত্রীর সহপাঠী শামীম প্রতিবাদ করলে রকি ও সবুজ তাকে পিটুনি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু কান দিয়ে রক্ত বের হতে থাকায় ও মাথায় আঘাত পাওয়ায় সন্ধ্যায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবদুল হান্নানকে জানানো হয়েছিল। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে রকি মিয়া, ও সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।