উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়...
বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নারীসহ দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন এক যুবক। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বিচিত্রা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নাজিম দেওয়ান (৪০) ও হালিমা বেগম (৩৫)। তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসীর ভাষ্য, মোসলেম মোল্লা (২১) নামের ওই যুবক একজন বখাটে। তিনি প্রায়ই বিদ্যালয়গামী মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করে থাকেন।
এ ঘটনায় মোসলেমের ব্যবহূত একটি মোটরসাইকেলে আগুন জ্বেলে পুড়িয়ে দিয়েছেন এলাকাবাসী।
আহত নাজিমের বোন মাজেদা বেগমের (৩৪) ভাষ্য, দু-তিন বছর ধরে মোসলেম আটদাপুনিয়া উচ্চবিদ্যালয়গামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন। কখনো ছাত্রীদের পায়ের ওপর মোটরসাইকেল তুলে দিতেন বা ধাক্কা মারতেন। এসব কারণে এর আগেও মোসলেমকে নিয়ে বিদ্যালয়ে পরিচালনা কমিটির সঙ্গে সালিস-বৈঠক হয়েছে।
আটদাপুনিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার ঘোষের অভিযোগ, স্কুল ছুটির আগে ও পরে মোসলেম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ছাত্রীদের ভয় দেখাতেন। এ ছাড়া নানাভাবে মেয়েদের উত্ত্যক্ত করতেন। এ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও অভিযোগকারীদের মারধর করেছেন মোসলেম। কিন্তু বারবার বলেও তাঁকে থামানো যায়নি।
মোসলেমের মা মমতাজ বেগমের (৫০) দাবি, তাঁর ছেলেকে গুম করে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জমান প্রথম আলোকে জানান, ঘটনার পর থেকে মোসলেম পলাতক। এ ব্যাপারে তদন্ত চলছে। মামলা হবে।