উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তরুণ ছুরিকাহত
এক গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া বাজারের মন্দির এলাকায় গতকাল রোববার মো. আলিফ-নূর (২৭) নামের এক তরুণকে ছুরির আঘাতে আহত করা হয়েছে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই বাজার এলাকার এক গৃহবধূকে প্রায় এক মাস ধরে মুঠোফোনে ও চলার পথে স্থানীয় মো. হেলাল শিকদার (২৭) নামের এক তরুণ উত্ত্যক্ত করে আসছেন। এ ঘটনায় ওই তরুণকে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু তা আমলে না নিয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হেলাল আবার ওই গৃহবধূকে মুঠোফোনে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন। বেলা ১১টার দিকে এর কারণ জানতে চাওয়ায় আলিফ-নূরকে ছুরিকাঘাত করেন হেলাল। এতে তাঁর মুখমণ্ডলের বাঁ পাশ কেটে যায়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার সঙ্গে হেলাল শিকদার জড়িত না বলে দাবি করেন। তিনি বলেন, উত্ত্যক্ত করার অভিযোগও সত্য নয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’