উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারধর
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মারধর করেছে বখাটেরা। পটুয়াখালীর সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ক্রোকমহল গ্রামে এ ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে পরিবারটি। মামলা তুলে নিতে বখাটেরা ভয়ভীতিসহ নানাভাবে হুমকি দিচ্ছে। মেয়েটির বাবা বলেন, ভয়ে তাঁর মেয়ে এখন মাদ্রাসায় যেতে পারছে না। এখন তার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এ ব্যাপারে গত রোববার মেয়েটির বাবা পটুয়াখালীর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সুপার বিষয়টি অনুসন্ধান করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
পটুয়াখালী সদর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান পুলিশ সুপারের নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটি যাতে মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করতে পারে এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গ্রামের চৌদ্দবুরিয়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্রী গত বছরের ১৮ ডিসেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে এলাকার মেলকার বাড়ির পশ্চিম পলাশের রাস্তায় স্থানীয় সাঈদ ও ইমাম হোসেন দলবল নিয়ে পথ রোধ করে তাকে উত্ত্যক্ত এবং একপর্যায়ে শ্লীলতাহানি করে। এ সময় মেয়েটির মামাতো ভাই রাকিব হোসেন ও খালাতো ভাই রেজাউল সরদার প্রতিবাদ করলে বখাটেরা তাদের মারধর করে। খবর পেয়ে মেয়ের বাবা এসে এর প্রতিবাদ করলে বখাটেরা তাঁকেও মারধর করে।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে মেয়ের বাবা বাদী হয়ে ২০ ডিসেম্বর পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ইউনিয়নের ধরান্দী কলেজের অধ্যক্ষকে দায়িত্ব দেন।
ধরান্দী কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন মৃধা বলেন, তিনি সরেজমিনে তদন্ত করে ১৯ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে মামলার বিষয়বস্তু, সরেজমিন ও গোপন তদন্ত, সাক্ষীদের জবানবন্দি এবং উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মন্তব্যের ভিত্তিতে মামলার অভিযোগের সত্যতা আছে বলে উল্লেখ করেছেন।
এ ঘটনার পর ওই মাদ্রাসায় ছাত্রীদের উপস্থিতি কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মোতালেব। তিনি বলেন, বখাটের অত্যাচারে শুধু ওই মেয়েটিই নয়, অনেক মেয়েই এখন মাদ্রাসায় আসতে ভয় পাচ্ছে। বখাটেরা রাস্তায় নানাভাবে মেয়েদের উত্ত্যক্ত করায় অভিভাবকেরাও মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে ভয় পাচ্ছেন বলে তিনি জানান।