উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শরীয়তপুর সদর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে তারই এক সহপাঠী ছাত্র পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গত রোববার বিকেলে বিদ্যালয়ের পাশের সড়কে ওই ছাত্রীকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা ওই ছাত্রকে আসামি করে সদর থানায় মামলা করেন।
আহত ছাত্রীর পরিবার সূত্র জানায়, ছাত্রীটিকে তার ওই সহপাঠী (১৬) বিদ্যালয়ে ও যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এর প্রতিবাদে মেয়েটি দুই মাস ধরে ওই ছাত্রের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। মেয়েটি উত্ত্যক্ত করার বিষয়টি তার অন্য সহপাঠী ও পরিবারকে জানায়। এর জের ধরে গত রোববার ওই ছাত্র বিদ্যালয়ের পাশের সড়কে মেয়েটিকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় মেয়েটিকে অন্য সহপাঠীরা উদ্ধার করে। পরে স্বজনেরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করান।
ওই ছাত্রীর মা বলেন, ‘মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়টি জানার পর আমরা ওই ছেলেকে সাবধান করে দিই। এতে সে ক্ষুব্ধ হয়ে মেয়েকে রাস্তার মধ্যে পিটিয়ে আহত করেছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, মেয়েটির শরীরে স্যালাইন চলছে। একটু পরপর সে যন্ত্রণায় কাতরাচ্ছে, ডুকরে কেঁদে উঠছে। মেয়েটি বলে, ‘ওই ছাত্র আমাকে বিদ্যালয়ে ও যাওয়া-আসার পথে বিরক্ত করত। ঘটনাটি অন্য সহপাঠী ও পরিবারকে জানাই। এ কারণে সে ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে আমাকে পেটায়। ব্যথায় দাঁড়াতে পারছি না। সারা শরীরে যন্ত্রণা।’ শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ মোস্তফা খোকন বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন স্থান জখম হয়ে ফুলে উঠেছে।
মামলা হওয়ার পর ওই ছেলে পালিয়ে গেছে। এ বিষয়ে তার পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঘটনাটি জানার পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এমারাত হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।