উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর
ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নওগাঁর ধামইরহাট উপজেলায় এক শিক্ষককে মারধর করেছে বখাটেরা। গত শনিবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আড়ানগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক খুরশিদ আলমকে ওই বখাটেরা মারধর করে। বখাটেদের শাস্তির দাবিতে গত শনিবার ও গতকাল রোববার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ঘটনার বিচার চেয়ে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আড়ানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলালুদ্দিনের ছেলে ইমরান হোসেন ও তার সঙ্গীরা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে কিছুদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করছিল। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে আসার পথে ইমরানসহ তিন-চারজন তরুণ মিলে ওই ছাত্রীর পথরোধ করে উত্ত্যক্ত করছিল। বিষয়টি দেখতে পেয়ে সহকারী শিক্ষক খুরশিদ তাদের বাধা দেন। এর জের ধরে শনিবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আড়ানগর নূরানী মাদ্রাসা কাছে খুরশিদ আলমের মোটরসাইকেলের গতিরোধ করে বখাটেরা তাঁকে এলোপাতাড়িভাবে মারধর করে। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর কাছে গতকাল লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান আলী। তিনি বলেন, ‘অপরাধী যে-ই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিষয়টি ইউএনওকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রয়োজনে এ বিষয়ে থানায় মামলা করা হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে হেলালুদ্দিন গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দু-তিন দিন ধরে তাঁর ছেলে ইমরান বাড়িতে নেই। তাকে মুঠোফোনেও পাওয়া যাচ্ছে না। সে অপরাধ করলে শাস্তি পাবে।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।