উত্ত্যক্ত করার প্রতিবাদ, তিন ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিন শিক্ষার্থীকে মারপিট করেছে বখাটেরা। মারধরের শিকার আহত দুই শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আধা ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে রাখেন।
ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সীমান্ত (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড় এলাকায়। বিশ্ববিদ্যালয়, পুলিশ প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ক্যাম্পাসের ২ নম্বর মাঠে আন্তবাংলা বিভাগের ক্রিকেট খেলা চলছিল। দুপুর ১২টার দিকে বহিরাগত কয়েকজন মাঠের পাশে গিয়ে মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় তিন শিক্ষার্থী এর প্রতিবাদ জানান। তখন বহিরাগতরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। বেলা একটার দিকে প্রতিবাদকারী তিন শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে পার্ক মোড় এলাকায় গেলে উত্ত্যক্তকারী দলটি সংঘবদ্ধ হয়ে তিনজনকে বেদম মারপিট করে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে কয়েক শ শিক্ষার্থী পার্ক মোড় এলাকায় জড়ো হয়ে রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।