উত্ত্যক্ত করার প্রতিবাদ, মা ও মেয়েকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুলছাত্রী ও তার মাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পোরজনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, উপজেলার পোরজনা ইউনিয়নের বাচরা গ্রামের নকু মিয়ার ছেলে সুজন মিয়া (২০) দীর্ঘদিন ধরে একই এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই ছাত্রীর পরিবার সুজনের বাবাকে জানায়। এর জের ধরে গত বুধবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় কাজ করার সময় সুজন তাঁর দলবল নিয়ে ওই ছাত্রীকে গালিগালাজ করতে থাকেন। এ সময় ওই ছাত্রীর মা এগিয়ে এসে প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সুজন ও তাঁর লোকজন মা-মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যান। ওই ছাত্রীর বাঁ চোখ ও তার মায়ের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে গ্রামের লোকজন এসে তাঁদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, ‘এ বিষয়ে সুজনের বাবা ও গ্রামের মাতব্বরদের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। হামলার পর সুজন পালিয়ে থেকে তাঁর দলবল দিয়ে আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। এ কারণে আমরা মামলা করতেও ভয় পাচ্ছি।’
এ বিষয়ে সুজন ও তাঁর বাবা নকু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবউদ্দীন খলিফা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।