উত্ত্যক্ত করার প্রতিবাদের জেরেই নাসিরকে হত্যা করা হয়: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জের ধরেই রাজধানীর ভাষানটেকে নাসির হোসেনকে (২৫) হত্যা করেছে সন্ত্রাসীরা। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া ওই দুজন হলেন বাবুল ব্যাপারী ওরফে বাবলু (২৮) ও আলতাফ হোসেন (২৯)। গত রোববার রাতে গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি গুলি ও ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর আগে এ ঘটনায় মো. শরীফ ওরফে চোক্কা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ভাষানটেক থানার পাশাপাশি ডিবিও এই হত্যা মামলার তদন্ত করছে।
গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, উত্ত্যক্তের প্রতিবাদ করার জের ধরেই নাসিরকে হত্যা করা হয়েছে।
নাসিরকে ১০ অক্টোবর রাতে স্থানীয় কয়েকজন পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় তাঁর ভাই মো. মোশারফ সাতজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। পরে তিনি সন্দেহভাজন আরও সাতজনের নাম পুলিশকে দেন। এজাহারে অভিযোগ করা হয়, মামাতো বোন লাবণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাসিরকে হত্যা করা হয়েছে। অবশ্য ভাষানটেক থানার পুলিশ দাবি করেছিল, উত্ত্যক্তের প্রতিবাদে এ হত্যাকাণ্ড ঘটেনি। এই মর্মে থানার পুলিশ লাবণীর বাবাকে দিয়ে জোরপূর্বক সাধারণ ডায়েরি (জিডি) করায় বলে অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে আসামিদের সখ্যেরও অভিযোগ ওঠে। পরে ভাষানটেক পুলিশ ফাঁড়ির ১৯ জন সদস্যকে সাময়িক বরখাস্ত এবং ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবীকে প্রত্যাহার করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার বাবলু এজাহারভুক্ত আসামি। আর বাদী পরে যে সাতজনের নাম এজাহাভুক্ত করার আবেদন করেছেন, ওই সাতজনের একজন আলতাফ। এর আগে টাঙ্গাইল থেকে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি কারাগারে রয়েছেন।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু ও আলতাফ জানিয়েছেন, ঈদের দু-তিন দিন পর ভাষানটেক বস্তিতে ক্যারম খেলা নিয়ে লাবণীর স্বামী মো. সোহাগের সঙ্গে গ্রেপ্তার হওয়া শরীফের হাতাহাতি হয়েছিল। এ নিয়ে শরীফ ও তাঁর সহযোগী বাবলু, মামুনসহ কয়েকজন লাবণীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন, সোহাগকে হুমকি দিতেন। উত্ত্যক্তের বিষয়টি জানার পর নাসির ১০ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে শরীফকে থাপড় দেন। শরীফ বিষয়টি বাবলুসহ অন্যদের জানান। এরপর রাত সাড়ে নয়টার দিকে নাসিরকে ভাষানটেকের গোলটেক এলাকায় ডেকে নিয়ে যান শরীফ। সেখানেই শরীফ, বাবলু, আলতাফসহ কয়েকজন ক্রিকেটের স্টাম্প, রডসহ বিভিন্ন ভারী বস্তু দিয়ে নাসিরকে বেধড়ক পেটান।
মনিরুল ইসলাম বলেন, বাবলুর নেতৃত্বেই নাসিরকে হত্যা করা হয়েছে। তাঁকে মারার সময় শরীফ-বাবলুদের হাতে পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল। তাঁরা সেগুলো ব্যবহার করেননি। ওই পাঁচটি অস্ত্রের দুটি উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র ও অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম কমিশনার বলেন, জোর করে জিডির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর এই জিডি মামলাকে ক্ষতিগ্রস্ত করবে না। কারণ, শরীফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই মামলার তদন্ত পরিচালিত হবে।