উত্ত্যক্ত করার শাস্তি কান ধরে ওঠবস
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার শাস্তি হিসেবে ওই বিদ্যালয়ের দপ্তরিকে কান ধরে ওঠবস করানো হয়েছে। গত বুধবার স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আয়োজিত এক সালিস বৈঠকে তাঁকে এ শাস্তি দেওয়া হয়।
ওই দপ্তরির নাম ইয়ামিন মিয়া। তিনি গফরগাঁও উপজেলার ইসলামপুর দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক রসুলপুর ইউপির চেয়ারম্যান ছাইফুল ইসলামের কাছে ইয়ামিনের বিরুদ্ধে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার বিকেলে রসুলপুর ইউপি কার্যালয়ে ছাইফুল ইসলামের উপস্থিতিতে সালিসের আয়োজন করা হয়। সালিসে ইয়ামিন কোনো ছাত্রীকে আর উত্ত্যক্ত করবেন না বলে প্রতিজ্ঞা করেন। পরে সালিসকারীদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে কান ধরে ওঠবস করানো হয়।