উত্ত্যক্ত করায় দাখিল পরীক্ষার্থীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক দাখিল পরীক্ষার্থীকে ১০ মাস ১০ দিনের সাজা দিয়েছেন। গতকাল সোমবার তাকে গাজীপুরে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
অভিযোগের বিবরণ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাতায়াতের পথে ওই ছাত্রীকে ছেলেটি প্রায়ই উত্ত্যক্ত করত। এ ঘটনায় মেয়েটির ভাই মাদ্রাসার অধ্যক্ষকে লিখিত অভিযোগ দেন। গতকাল মেয়েটির স্বজনেরা ছেলেটিকে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে ছেলেটিকে ১০ মাস ১০ দিনের সাজা দেন আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তামীম আল ইয়ামীন আদালত পরিচালনা করেন।
নির্বাহী হাকিম মো. তামীম আল ইয়ামীন বলেন, ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী উত্ত্যক্তকরণের শাস্তি সর্বোচ্চ এক বছর। ছেলেটির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে ১০ মাস ১০ দিনের সাজা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংশোধন হওয়ার জন্য তাকে গাজীপুরের টঙ্গীতে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তত্ত্বাবধায়ককে বললে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।
থানার হাজতে থাকাকালে ছেলেটি বলে, তার সঙ্গে মেয়েটির পরিচয় রয়েছে। মেয়েটির ভাইয়েরা তাকে সতর্ক করে দিলে সে আর যোগাযোগ রাখেনি। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি সে জানত না। গতকাল সোমবার গ্রামের রাস্তা থেকে মেয়েটির বড় ভাই তাকে ধরে নিয়ে যান। সেখানে সে নির্বাহী হাকিমের প্রশ্নের উত্তরে মেয়েটির সঙ্গে রাস্তায় দেখা-সাক্ষাৎ ও চলাফেরা করার কথা স্বীকার করে। পরে সাজা দেওয়া হলে পুলিশ তাকে থানার হাজতে নিয়ে যায়।
ছাত্রীটির প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি একাধিকবার নিষেধ করেও ছেলেটিকে উত্ত্যক্ত করার কাজ থেকে বিরত রাখতে পারেননি।
নান্দাইল মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, ছেলেটিকে গতকাল বিকেলে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।