উত্ত্যক্ত করায় সদ্য বিবাহিত তরুণীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত এক যুবকের উত্ত্যক্ত করা থেকে রক্ষা পেতে মেয়েকে বিয়ে দিয়েছিলেন ভ্যানচালক বাবা। কিন্তু তাতেও রক্ষা হয়নি। বাবার বাড়িতে বেড়াতে এসে আবারও উত্ত্যক্তের শিকার হয়েছেন সদ্য বিবাহিত ওই তরুণী। অবশেষে বেছে নিয়েছেন আত্মহননের পথ। বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ওই তরুণীর নাম রত্না খাতুন (১৮)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার মালঞ্চী গ্রামের ভ্যানচালক আজিজুর রহমানের মেয়ে। গত বুধবার ভোরে বাবার বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় বাবা আজিজুর রহমান উত্ত্যক্তকারী আরিফুল ইসলাম (৩৪) নামের ওই যুবকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজিজুর রহমান বলেন, তাঁর চার ছেলেমেয়ের মধ্যে রত্না তৃতীয়। আগে থেকে একই এলাকার আমির আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম প্রায়ই রত্নাকে উত্ত্যক্ত করতেন। এ কারণে গত ১৫ আগস্ট তাঁকে যশোর শহরের মোল্লাপাড়া এলাকার আবদুল হান্নানের সঙ্গে বিয়ে দেওয়া হয়। পাঁচ দিন আগে রত্না শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর থেকে আরিফুল ইসলাম আবারও তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। এ কারণে গত বুধবার ভোরে ঘরের পেছনে গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। বুধবার দুপুরে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বৃহস্পতিবার সকালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর দুপুরে মালঞ্চী গ্রামের বাবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম বলেন, ‘আরিফুল ইসলাম একজন দুষ্কৃতকারী ও মাদকসেবী। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। এরপরও তিনি রত্নাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। আরিফুলের উত্ত্যক্তের কারণে সে আত্মহত্যা করেছে।’

বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান বলেন, আরিফুলের উত্ত্যক্তের কারণে সদ্য বিবাহিত তরুণী আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে। বর্তমানে আরিফুল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।