উত্ত্যক্তকরণের প্রতিবাদ করায় ছাত্রলীগের হামলা
নারী নাট্যকর্মীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিবর্তন যশোর এমএম কলেজ শাখার সভাপতি নুরুজ্জামান আকাশকে ছাত্রলীগের কর্মীরা বেদম মারধর করেছেন। গতকাল বুধবার বিকেলে বিবর্তনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসবের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আকাশকে সন্ধ্যায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আকাশ বলেন, ‘নাটক মঞ্চস্থ করার সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এক নারী নাট্যকর্মীকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় ছাত্রলীগের কর্মী আসাদ, নূর হোসেন, রিয়াদসহ ৮-১০ জন লাঠিসোঁটা নিয়ে মঞ্চের পাশে গিয়ে আমাকে বেধড়ক মারধর করে।’ বিবর্তনের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ বলেন, ঘটনার প্রতিবাদে কর্মসূচি নির্ধারণের জন্য রাতে জরুরি বৈঠকে বসা হবে। সেখানে প্রতিবাদ কর্মসূচি নির্ধারণ করা হবে।
ছাত্রলীগের এমএম কলেজ শাখার সভাপতি রওশন ইকবাল শাহী বলেন, ‘আমাদের কয়েকটি ছেলে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে বিবর্তনের সভাপতিকে মারধর করেছে। এটি সাংগঠনিক কোনো বিষয় নয়। তারপরও যেহেতু একটি ঘটনা ঘটেছে, তাই ছাত্রলীগের ওই কর্মীদের ডেকে বিবর্তনে পাঠিয়ে দুঃখপ্রকাশের ব্যবস্থা করেছি।’