উত্ত্যক্তকারীদের পক্ষে তদবিরকারীদেরও দণ্ড
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে পাঁচ বখাটেকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে শিবগঞ্জ উপজেলায় কয়েকজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিদের সাজা কমানোর জন্য সুপারিশ করতে আসায় রোববার সকালে তাঁদের ১১ জন বন্ধুকেও তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শনিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় পাঁচজন বখাটেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। এঁরা হলেন ওই উপজেলার মির্জাপুর গ্রামের নাহিদ (১৯), সোহেল (১৮), আবদুর রাজ্জাক (২২), সুজন (১৮) ও নরসিংহপুর ইংলিশ গ্রামের নাজমুল (২৬)। রাতেই পুলিশ পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন।
ওসি বলেন, দণ্ডপ্রাপ্ত বখাটেদের সাজা কমানোর জন্য তদবির করার অপরাধে আরও ১১ জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এঁরা হলেন একই উপজেলার মির্জাপুর গ্রামের নাইম (২০), মাযহারুল (১৮), বাদশা মিয়া (১৯), নাজমুল হক (১৯), মুক্তার আলী (১৯), জামিরুল (২০), পলাশ (১৮), সিরাজুল হক (১৯), হযরত আলী (১৯), কর্ণখালী গ্রামের শরিফুল ইসলাম (২১) ও হাউসনগর গ্রামের আসমাউল হুসনা (১৯)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডিত বখাটেদের আজ রোববার বেলা ১১টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।