উত্ত্যক্তকারীর অস্ত্রের আঘাতে প্রাণ গেল কলেজছাত্রীর
নরসিংদীর বেলাব উপজেলায় নিজ বাড়ির সামনে গতকাল বৃহস্পতিবার উত্ত্যক্তকারীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল কলেজছাত্রী সৈয়দা রিনভি আক্তার ওরফে দীপার (২২)। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
রিনভি এ বছর নরসিংদীর মনোহরদী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন নামের একজনকে আটক করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রিনভি তাঁর মা-বাবার সঙ্গে বেলাবর সৈয়দপাড়ার বাজনারটেকে থাকতেন। তাঁর বাবার নাম শামসুজ্জামান। একই এলাকার আখের রস বিক্রেতা আল আমিনের উত্ত্যক্তের কারণে রিনভি টাঙ্গাইল সদর উপজেলায় তাঁর বোনের বাসায় থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিংয়ে করছিলেন। আল আমিনের বাবার নাম আলাউদ্দিন। গত সপ্তাহে টাঙ্গাইল থেকে রিনভিকে নিয়ে তাঁর বাবা নরসিংদীর বাড়িতে আসেন। রিনভি বাড়ি ফিরেছেন জানতে পেরে আল আমিন তাঁদের বাড়ির আশপাশে ঘুরঘুর করছিলেন। গতকাল সন্ধ্যায় রিনভি তাঁদের ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আল আমিন পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে রিনভির ঘাড় ও হাতে কোপ দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আল আমিনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বেলাব থানার পুলিশ জনরোষ থেকে আল আমিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে রক্তাক্ত অবস্থায় রিনভিকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে নয়টার দিকে রিনভি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিনভিকে মৃত ঘোষণার পর তাঁর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। রিনভির বড় ভাই স্কুলশিক্ষক সৈয়দ ফারুকুজ্জামান প্রথম আলোকে বলেন, আল আমিন প্রথমে রিনভিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন। এরপর বিভিন্ন সময় তাঁকে উত্ত্যক্ত করেন। দুই ভাই দুই বোনের মধ্যে রিনভি সবার ছোট ছিলেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলোকে বলেন, অভিযুক্ত আল আমিন মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। স্বজনেরা অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে।