উত্ত্যক্তকারীর ছোড়া ইটে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর
ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় ছোট বোনের উত্ত্যক্তকারী রাসেল মাতুব্বরের ইটের আঘাতে মারা গেছেন রাজীব খান নামের এক যুবক। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ভাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে।

রাজীব খান ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাদরদী গ্রামের আসমত খানের ছেলে। আসমত খানের এক ছেলে ও তিন মেয়ের মধ্যে রাজীব সবার বড়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাদরদী গ্রামের আসমত খানের মেয়ে আছিয়া আক্তার স্থানীয় শরীফাবাদ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আছিয়াকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন ঘারুয়া গ্রামের বাবলু মাতুব্বরের ছেলে রাসেল। ৬ এপ্রিল রাতে রাসেলকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। পরদিন ৭ এপ্রিল সকালে রাসেলের অভিভাবকেরা মুচলেকা দিয়ে থানা থেকে তাঁকে ছাড়িয়ে আনেন। ৮ এপ্রিল আছিয়ার বড় ভাই রাজীবকে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান রাসেল। আহত রাজীবকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা বলেন, বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে রাসেলের ইটের আঘাতে আহত হয়ে মারা গেছেন রাজীব।

ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।