উত্ত্যক্তে বাধা দেওয়ায় মারধর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীসহ কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে। মেয়েদের উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় গত বৃহস্পতিবার রাতে সাড়ে ১০টার দিকে সমাবর্তন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানী হলের কয়েকজন ছাত্রলীগ কর্মী ও ছাত্র মেয়েদের উত্ত্যক্ত করলে অন্য ছাত্ররা বাধা দেন। অনুষ্ঠানের নিরাপত্তায় দায়িত্বরত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মো. আজীম উদ্দিন ঘটনাস্থলে এগিয়ে যান। বাধা দিলে ওই ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টির মিটমাট হয়।
এ ঘটনার প্রায় ২০ মিনিট পর আজীম উদ্দিন তাঁর স্ত্রী, ছেলে ও মাসহ অনুষ্ঠানস্থল থেকে বের হলে ছাত্রলীগ কর্মীরা তাঁকে পাশে ডেকে নেন। আজীম তাঁদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার সময় ১০ থেকে ১৫ জন তাঁকে মারধর করে। তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে আজিমের স্ত্রীর চিৎকারে সবাই পালিয়ে যায়।
আজীম বলেন, ‘ওরা আমার স্ত্রীর গলার হারও ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় মামলা করব। আমি তাঁদের অনেককেই চিনি। কিন্তু নাম জানি না।’