উত্ত্যক্তে বাধা দেওয়ায় ছাত্রকে পিটিয়ে জখম
ছাত্রীকে উত্ত্যক্তকরণে বাধা দেওয়ার জের ধরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ওই কলেজছাত্রের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত ছাত্রের নাম মো. সানোয়ার হোসেন (১৮)। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বাড়ৈগাঁও গ্রামের মো. আবু সায়েমের ছেলে। তাঁরা নারায়ণপুর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। সানোয়ার নারায়ণপুর ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবেন।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, কয়েক দিন আগে নারায়ণপুর এলাকার মো. ফয়সাল (১৭), মো. ইমন (১৫), মো. সজীব (১৭), মো. নাসির (১৯), মো. মামুন (১৭) ও মো. রাফসান (১৭) নামের ছয়জন নারায়ণপুর ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষে ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। সানোয়ার এর প্রতিবাদ করেন। এতে ওই ছয়জন সানোয়ারের ওপর ক্ষিপ্ত হয়। তারা সানোয়ারকে দেখে নেওয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নারায়ণপুর বাজার এলাকায় প্রাইভেট পড়ে হেঁটে বাসায় ফিরছিলেন সানোয়ার। কলেজ রোডের লোকমান শেখের দোকানের সামনে পৌঁছালে তাঁকে পেছন থেকে ধাওয়া করে ওই ছয়জন। সানোয়ার দোকানের ভেতর ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন। ওই ছয়জন সেখানে তাঁকে লাঠিপেটা করে। এতে সানোয়ারের মাথা, দুই হাত, ঘাড় ও পিঠ রক্তাক্ত জখম হয়। চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে রাত নয়টার দিকে সানোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, ওই ছাত্রের মাথা, দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে।
সানোয়ারের বাবা মো. আবু সায়েম বলেন, মামলার প্রস্তুতি চলছে। তিনি এর বিচার চান।
এ ব্যাপারে কথা বলার জন্য ওই ছয়জনের মুঠোফোনে ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন বলেন, ঘটনার পর থেকে ওই কিশোরেরা গা ঢাকা দিয়েছে।