উত্ত্যক্তের অভিযোগ, প্রতিবাদ করায় স্বজনের মাথা ফাটাল বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গত শুক্রবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীর পথ রোধ করে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দেওয়ায় ওই ছাত্রীর এক স্বজনের মাথা ফাটিয়ে এবং আরেকজনকে মারধর করে আহত করা হয়েছে।
ওই ঘটনায় গতকাল শনিবার ছাত্রীটির শিক্ষাপ্রতিষ্ঠানে সালিস বসানো হয়। সেখানে এ ঘটনার বর্ণনা একটি কাগজে লিখে তাতে মেয়েটির সই নিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সে সময় প্রতিষ্ঠানের ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।
ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, বখাটেরা তাঁর মেয়েকে দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন। এ কারণে তিনি উদ্বিগ্ন।
বাড়িতে গেলে ওই ছাত্রী বলে, শুক্রবার তার শিক্ষাপ্রতিষ্ঠানে নববর্ষের অনুষ্ঠান চলছিল। এ সময় ছয়-সাতজন বহিরাগত তরুণ মুঠোফোনের ক্যামেরা দিয়ে তার ও তার বান্ধবীদের ছবি তুলতে শুরু করেন। সে প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করা হয়। শিক্ষকদের কাছে বিচার দেওয়ার জন্য উঠে দাঁড়ালে ছেলেগুলো চলে যান। অনুষ্ঠান শেষে সে তার ছোট বোনকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পথে জাকির (২৪) নামের একটি ছেলে তার পথ রোধ করেন। এ দৃশ্য দেখে তার মামা এগিয়ে এসে প্রতিবাদ করেন। পরে জাকির মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে এনে তার মামাকে মারধর করেন। তা দেখে তার এক চাচাতো নানা (৫০) ছুটে আসেন। ওই তরুণেরা তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেন। পরে চিৎকার করলে তাঁরা পালিয়ে যান।
ছাত্রীটির মামা বলেন, তাঁর চাচার (ছাত্রীর নানা) মাথায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মুঠোফোনে প্রতিষ্ঠানটির প্রধান বলেন, তিনি এ ঘটনা উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। ছাত্রীর অভিযোগ লিখে রাখা হয়েছে। অভিযুক্ত তরুণের অভিভাবককে আগামীকাল (আজ) কলেজে হাজির থাকতে বলা হয়েছে। এর দৃষ্টান্তমূলক বিচার করা হবে।
এ বিষয়ে কথা বলার জন্য জাকিরের মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়। তাঁর বাবা আবদুস সালাম বলেন, তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, গতকাল বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।