উত্ত্যক্তের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় গত রোববার রাতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাতেই এক তরুণকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম জাকির হোসেন (২২)। তিনি চর আলগী গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত শুক্রবার নববর্ষের অনুষ্ঠান দেখে ওই ছাত্রী ছোট বোনকে নিয়ে বাড়ি ফিরছিল। পথে মো. জাকির হোসেনসহ কয়েকজন পথ রোধ করে তাদের ছবি তোলার চেষ্টা করেন। এ সময় মেয়েটির এক মামা এগিয়ে এসে প্রতিবাদ করলে তরুণেরা তাঁকে মারধর করেন। মারধরের হাত থেকে বাঁচাতে এলে মেয়েটির চাচাতো নানার মাথাও ফাটিয়ে দেন তরুণেরা। এ দৃশ্য দেখে গ্রামের লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠলে তরুণেরা পালিয়ে যান।
এ ঘটনায় ‘উত্ত্যক্তের অভিযোগ, প্রতিবাদ করায় স্বজনের মাথা ফাটাল বখাটেরা’ শিরোনামে গত রোববার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান গতকাল বলেন, ওই ঘটনায় মেয়েটির বাবা রোববার রাতে মামলা করেছেন। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।