উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত কুদরত আলী (২৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজাদ জাহান এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কুদরত আলী এক স্কুলছাত্রীকে উক্ত্যক্ত করে আসছিলেন। আজ সকালে বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে আসার সময় ওই স্কুলছাত্রীকে মশান বাজারে উত্ত্যক্ত করেন কুদরত আলী। এ সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মিরপুর থানার উপপরিদর্শক সাদেক আলী জানান, কুদরত আলী উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের বাসিন্দা। তাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।