উত্ত্যক্তের দায়ে বখাটের ছয় মাস কারাদণ্ড
ভোলায় ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. মোশারেফ হোসেন (২১) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার জেলার তজুমদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হাকিম জালাল উদ্দীন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মোশারেফ হোসেনের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্যাহ গ্রামে। মোশারেফ সকালে এক জেএসসি পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উত্ত্যক্ত করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দীন জানান, বখাটে মোশারেফ প্রতিদিন ওই ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। শারীরিকভাবেও লাঞ্ছনা করতেন। আজ মঙ্গলবারও একই কাজ করেন। ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রে এসে ঘটনাটি তাঁকে জানায়। পরে তিনি গোয়েন্দা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে দায়িত্ব দেন। মেয়েটি পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে ওই বখাটে আবারও তাকে উত্ত্যক্ত করেন। তখন পুলিশ হাতেনাতে তাঁকে আটক করে।
ইউএনও আরও জানান, ওই পরীক্ষার্থীর অভিযোগের সত্যতা পাওয়ায় ও পুলিশের হাতে ধরা পড়ায় মোশারেফকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। নথিপত্র তৈরি করে রায় দিতে সন্ধ্যা হয়ে যায়।