উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে স্কুলছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আশাশুনি উপজেলা সদরের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত ছাত্রের নাম সাকিব হোসেন সরদার (১৫)। সে উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজার ছেলে ও সাতক্ষীরার আশাশুনি পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরার একটি কলেজের অনার্সের ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত প্রতিবেশী আশরাফুল ইসলাম মোল্যা। এ ঘটনায় আশরাফুলকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে বলে সোহেল নামের এক কিশোর। এর পরও উত্ত্যক্ত করা বন্ধ হয়নি। গতকাল সকাল ১০টার দিকে আবারও উত্ত্যক্ত বন্ধ করতে আশরাফুলের বাড়িতে যায় সোহেল। এ সময় আশরাফুল তাকে গালিগালাজ করেন। বেলা ১১টার দিকে সোহেল তার বন্ধু সাকিব, আল আমিন ও আবদুল্লাহকে নিয়ে আবারও আশরাফুলদের বাড়িতে যায়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে আশরাফুল, স্বজল মোল্যা, সিরাজুল ইসলাম মোল্যা, আমিরুল ইসলাম মোল্যাসহ কয়েকজন লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। লাঠির আঘাতে ঘটনাস্থলেই সাকিব মারা যায়। আহত হয় সোহেল, আল আমিন ও আবদুল্লাহ। সোহেলের মা জিনজির খাতুন এগিয়ে এলে তিনিও আহত হন। জিনজির খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফুলের বাবা আমিরুল ইসলাম মোল্যা সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে মারপিট করার জন্য সোহেলের নেতৃত্বে পাঁচ-ছয়জন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁরা প্রতিরোধ করেন। মারপিটের একপর্যায়ে সাকিব মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী আমিরুল ইসলাম মোল্যা, সিরাজুল ইসলাম মোল্যা ও স্বজল মোল্যার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে আশাশুনি বাজারে সিরাজুল, আশরাফুল ও বাবু মোল্যার দোকান ভাঙচুর করা হয়।
সাতক্ষীরা কালীগঞ্জ (সার্কেল) সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমিরুল, সাকিম মোল্যা, সিরাজুল ও সফিক উদ্দিনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।