উত্ত্যক্তের প্রতিবাদ করায় দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাজীপুর উপজেলার চরাঞ্চল নাটুয়াপাড়া বাজারে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে একটি দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
দোকানের মালিক নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক সরকার ও তাঁর স্ত্রী কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা হক অভিযোগ করেন বলেন, উত্ত্যক্ত করার বিষয় নিয়ে গত বুধবার মারধরের যে ঘটনা ঘটেছে, তা স্থানীয়ভাবে সমাধান করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে আগের রাজনৈতিক প্রতিহিংসার কারণে কৌশলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক তাঁর ক্যাডার বাহিনী দিয়ে দোকান ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ওই ক্যাডার বাহিনী তাঁদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। নিরাপত্তার অভাবে তাঁরা এলাকার বাইরে অবস্থান করছেন। এ ঘটনায় তাঁরা পৃথকভাবে থানায় তিনটি লিখিত অভিযোগ দিয়েছেন।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে এলাকায় একটি দোকান পোড়ানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষই থানায় লিখিতভাবে বিষয়টি জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ইউপির চেয়ারম্যান তোজাম্মেল হকের ভাগনি স্থানীয় ঘোড়াগাছা উচ্চবিদ্যালয়ের ছাত্রী। স্থানীয় আয়নুল হকের ছেলে নাটুয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে আকবর আলী ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করেন। ওই ছাত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি তার মামাতো ভাই (চেয়ারম্যানের ছেলে) সোহেল রানাকে জানায়। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করলে আকবর আলীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে সোহেল ক্ষিপ্ত হয়ে আকবরকে মারপিট করেন।
এ ঘটনার পর আকবর আলী মারধরের বিষয়টি তাঁর বন্ধুদের জানান। গতকাল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে নাটুয়ারপাড়া বাজারে অবস্থিত চেয়ারম্যানের সোলার ভুবন নামের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে তাঁরা কেরোসিন ঢেলে আগুন দিয়ে দোকানটি পুড়িয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই দোকানটি ভস্মীভূত হয়।
কাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তোজাম্মেল হকের ছেলে সোহেল বাড়িতে ডেকে নিয়ে আকবরকে অন্যায়ভাবে বেদম মারপিট করেন। বিষয়টি জানার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দোকান ভাঙচুর করেছেন। দলীয় নেতা-কর্মীরা নন, গ্রামবাসীই ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বলেন, ‘এলাকায় লোকজনের মধ্যে উত্তেজনা হয়েছে—বিষয়টি লোকমুখে শুনেছি। বিস্তারিত জানি না।’