উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় চট্টগ্রামে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তাঁকে রাস্তা থেকে তুলে নেয় তারা। পথে দুর্বৃত্তদের অটোরিকশায় টহল পুলিশের তল্লাশির মুখে পড়ে। এরপর অপহরণ পরিকল্পনা ভেস্তে যায়।
গতকাল সোমবার সকালে নগরের শাহ আমানত সেতু গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। টহল পুলিশের কল্যাণে অপহরণের ২০ মিনিটের মধ্যে উদ্ধার হন সেলিম উদ্দিন। পুলিশ অপহরণে জড়িত থাকার অভিযোগে আবুল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, মুঠোফোনে সেলিমের স্ত্রীকে এক মাস ধরে উত্ত্যক্ত করত আবুল হোসেন, কাজিম উদ্দিন ও মোশাররফ হোসেন নামের তিন যুবক। নিষেধ করা হলেও তারা একই কাজ করে আসছিল। গতকাল সকালে এ নিয়ে যুবকদের একজনের সঙ্গে মুঠোফোনে কথা-কাটাকাটি হয় তাঁর। এ সময় তাঁকে শাহ আমানত সেতু এলাকার গোলচত্বরে আসতে বলা হয়। সকাল ১০টার দিকে তিনি সেখানে গেলে ওই তিন যুবক সেলিমকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তোলে। অটোরিকশাটি ফুলকলি কারখানার সামনে এলে টহল পুলিশের তল্লাশির মুখে পড়ে। এ সময় দুই যুবক পালিয়ে গেলেও আবুল হোসেনকে আটক করে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, স্ত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় অপহরণের শিকার হন সেলিম। এ ঘটনায় তিনি বাদী হয়ে বাকলিয়া থানায় তিন যুবককে আসামি করে অপহরণ মামলা করেছেন।