উত্ত্যক্তের প্রতিবাদ করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর গ্রামে আজ শুক্রবার ভোর রাতে এক গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। গুরুতর দগ্ধ ওই গৃহবধূ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর অভিযোগ, প্রতিবেশি সোহরাব তাঁকে উত্তক্ত্য করে আসছিল। এর প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন দেয়।

সকাল সাড়ে ছয়টার দিকে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক নুর মোহাম্মদ বলেন, পেট্রল থেকে সৃষ্ট আগুনে গৃহবধূর শরীরের প্রায় ২৫ ভাগ পুড়ে গেছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালে নেওয়ার পথে ঈশ্বরগঞ্জ পৌরশহরের মুক্তিযোদ্ধা মোড়ে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে থাকা ওই গৃহবধূ অভিযোগ করেন, প্রতিবেশী সোহরাব তাঁকে উত্ত্যক্ত করত। মাঝেমধ্যে অনৈতিক প্রস্তাব দিত। বিষয়টি তিনি সোহরাবের অভিভাবকদের জানান। গত মঙ্গলবার ইফতারের পর সোহরাবের বিচার করার জন্য সালিস বসে। কিন্তু সোহরাব ওই সালিসে যায়নি।

গৃহবধূর ভাষ্য, আজ সাহরির পর প্রাকৃতিক কাজ সারতে তিনি বাড়ির বাইরে যান। বাড়িতে ফেরার সময় ঝোপের ভেতর থেকে সোহরাব এসে তাঁর গায়ে তরল জাতীয় পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সোহরাব বলে, ‘বিচার দেওয়ার মজা এবার দেখ!’ সারা শরীরে আগুন জ্বলে উঠলে গৃহবধূ পাশের একটি জলাভূমিতে পড়ে গড়াগড়ি দিতে থাকেন। তাঁর আর্তচিৎকার শুনে স্বামী মো. বাচ্চু মিয়া ছুটে যান। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও কিছুটা দগ্ধ হন। তাঁকেও ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রায় ১০ জন প্রতিবেশীর ভাষ্য, সোহরাবের বাবা এলাকার প্রভাবশালী ব্যক্তি। তাঁর জমিজমা রয়েছে। বিবাহিত হওয়া সত্ত্বেও সোহরাব এই গ্রামের নারীদের প্রায়ই উত্ত্যক্ত করে। এটিই তার স্বভাব। কয়েকটি সালিস হলেও সোহরাব শোধরায়নি।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বাড়িতে গিয়ে সোহরাবকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রীও বাড়িতে নেই। সোহরাবের চাচা ফিরোজ মিয়ার (৫৫) ভাষ্য, ঘটনাটি তাঁর কাছে ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। সোহরাব যদি এ ঘটনায় জড়িত বলে প্রমাণ হয়, তাহলে তিনি তার শাস্তি চান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হামিদুল হক আজ সকালে হাসপাতালে গৃহবধূকে দেখতে যান। তিনি বলেন, ওই ব্যক্তিকে ধরতে ঈশ্বরগঞ্জ পুলিশ অভিযান শুরু করেছে।