উত্ত্যক্তের প্রতিবাদ করায় আট শিক্ষার্থীকে পিটুনি
শরীয়তপুর সদর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় আট জেএসসি পরীক্ষার্থীকে সহযোগীদের নিয়ে পিটিয়ে আহত করেছেন শামিম দেওয়ান নামের এক বখাটে। তাদের মধ্যে উত্ত্যক্তের শিকার ছাত্রীটিও আছে। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে ওই পরীক্ষার্থীদের পেটানো হয়। শামিম ওই গ্রামের বাসিন্দা। পরীক্ষার্থীরা সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ওই উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আংগারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিচ্ছে। ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে কেন্দ্রে আসা-যাওয়ার পথে এক সপ্তাহ ধরে শামিম উত্ত্যক্ত করছিলেন। গতকাল শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ওই ছাত্রী ও তার কয়েকজন সহপাঠীকে বহনকারী ইজিবাইকের গতিরোধ করেন শামিম। মেয়েটির কাছে তিনি মুঠোফোন নম্বর চান। মেয়েটির সহপাঠীরা এর প্রতিবাদ করে। তখন শামিম তাঁর পাঁচ সহযোগী নিয়ে ওই মেয়ে ও তার সঙ্গী সাত শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেন। শিক্ষকেরা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে চারজন ছাত্র ও চারজন ছাত্রী।
মেয়েটি বলেছে, পরীক্ষা দিতে আসা-যাওয়ার পথে শামিম উত্ত্যক্ত করতে থাকায় ভয়ে সে পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরত। গতকালও শামিম উত্ত্যক্ত করছিলেন। সে সময় সহপাঠীরা প্রতিবাদ করলে সহযোগীদের নিয়ে শামিম বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের আহত করেন।
আহত শিক্ষার্থীরা বলেছে, আগামী রোববার তাদের গণিত পরীক্ষা। এ সময় বাড়িতে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা। কিন্তু বখাটেদের হামলায় আহত হয়ে তাদের হাসপাতালে থাকতে হচ্ছে।
বিনোদপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া বলেন, বখাটেদের হামলার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান। শিক্ষার্থীরা তখন ব্যথায় কাতরাচ্ছিল। তিনি দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনায় মামলা করা হবে। বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার বলেন, আহত শিক্ষার্থীদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা চলছে। সুস্থ হতে দুই-তিন দিন লাগবে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।