ফেনীর সোনাগাজীতে ছোট বোনকে (২২) উত্ত্যক্তের প্রতিবাদ করায় বড় বোনকে (৪৫) মারধর করেছে বখাটেরা। গত মঙ্গলবার রাতে উপজেলার চর খোন্দকার গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত নারী বাদী হয়ে গতকাল বুধবার তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে দুজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন মো. মিলন (২৬) ও মো. দুলাল (২৫)।
পুলিশ সূত্র জানায়, সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামের বাসিন্দা মো. মিলন দীর্ঘদিন ধরে চর খোন্দকার গ্রামের এক নারীকে মুঠোফোনে এবং সোনাগাজী সদরে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি বিষয়টি তাঁর বড় বোনকে জানান। এরপর মিলনকে কয়েকবার সতর্ক করা হয়। কিন্তু এতে কোনো কাজ হয়নি। গত মঙ্গলবার রাতে মিলন তাঁর দুই সহযোগীকে নিয়ে ওই নারীর (ছোট বোন) বাড়িতে যান। এ সময় বড় বোন তাঁদের চলে যেতে বললে তাঁরা সেখানে অবস্থান করেন। পরে ক্ষিপ্ত হয়ে দুই বখাটে বড় বোনকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যান।
তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, কিলঘুষি মারায় তাঁর মুখ ফুলে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।
এ প্রসঙ্গে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বখাটে ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।