উত্ত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে জখম
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করা হয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা বলেন, গতকাল উপজেলার খাসপুকুরিয়া বিএম উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে দুই এসএসসি পরীক্ষার্থী বাড়ি ফিরছিল। তারা দুজন চাচাতো ভাইবোন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছালে স্থানীয় চার-পাঁচজন ছেলে ওই মেয়েকে উত্ত্যক্ত করে। এ সময় মেয়েটির চাচাতো ভাই এর প্রতিবাদ করে। তখন ওই ছেলেরা সবাই মিলে তাকে মারধর করে। একপর্যায়ে ছাত্রের কাছে থাকা স্টিলের স্কেল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এ সময় মেয়েটি দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ছাত্রটিকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ছাত্র বলে, ওই ছেলেরা তার বোনকে অনেক আগে থেকেই উত্ত্যক্ত করছে।
এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ছাত্রীর বাবা চৌহালী থানায় অভিযোগ দায়ের করেছেন।