উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে জখম
হবিগঞ্জ সদর উপজেলায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক কিশোরীর (১৪) বাঁ কান কেটে জখম করেছে এক দুর্বৃত্ত। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। ওই কিশোরী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু নাঈম মাহমুদ হাসান বলেন, কিশোরীর কানের নিচের অংশ জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, ওই কিশোরী একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করে। কাজে যাওয়ার পথে ব্রাহ্মণডুরা গ্রামের বিলাল মিয়া (২০) প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। শনিবার সকাল আটটার দিকে কিশোরীটি তাঁর নানির সঙ্গে কর্মক্ষেত্রে যাচ্ছিল। পথে গতিরোধ করে বিলাল তাকে উত্ত্যক্ত করেন। কিশোরী ও তাঁর নানি এর প্রতিবাদ করেন। এ সময় বিলাল ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর বাঁ কানে আঘাত করেন। এতে কানের এক অংশে ক্ষত হয়। এ সময় তার নানিও আহত হন। কিশোরীকে ওই দিনই জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
চিকিৎসারত অবস্থায় ওই কিশোরী বলে, বিলাল প্রতিদিনই তাকে কর্মস্থলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। ভয়ে এত দিন সে কাউকে বিষয়টি জানায়নি।
এ বিষয়ে কথা বলার জন্য বিলাল মিয়ার মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।