উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হন শ্যামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শ্যামল চন্দ্র বর্মণ হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া তিন আসামি। হত্যার দায় স্বীকার করে গতকাল সোমবার নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মালেকের আদালতে তাঁরা জবানবন্দি দেন।
এই তিন আসামি হলেন আতোয়ার হোসেন, মোহাম্মদ রনি ও ফয়সাল হোসেন। তাঁরা নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
এদিকে শ্যামল হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শ্যামল হত্যার মূল পরিকল্পনাকারী আতোয়ার হোসেনের জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ৮ মার্চ পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শ্যামলকে হত্যার পরিকল্পনা করেন আতোয়ারসহ ছয়-সাতজন। ওই দিন থেকেই শ্যামলকে হত্যার সুযোগ খুঁজছিলেন আতোয়ার ও তাঁর সহযোগীরা। গত শুক্রবার রাত আটটার দিকে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে আরজী নওগাঁ ফিশারি গেটের সামনে শ্যামলকে ছুরিকাঘাত করেন তাঁরা।
পরিদর্শক (তদন্ত) বলেন, গ্রেপ্তার রনি ও ফয়সাল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৮ মার্চ কলেজ ক্যাম্পাসে আতোয়ার ও শ্যামলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে গত শুক্রবার রাতে আতোয়ার ও তাঁর সহযোগীরা শ্যামলকে ছুরিকাঘাত করেন। পরে শ্যামল মারা যান। এ ঘটনায় শ্যামলের বাবা গোপাল চন্দ্র নওগাঁ সদর থানায় আতোয়ারসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়-সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গত শনিবার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আতোয়ার হোসেন, মোহাম্মদ রনি ও মো. ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।