উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় গত রোববার এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। তাঁর চাচাতো বোনসহ স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন তিনি। এ ঘটনায় গতকাল সোমবার কালিয়াকৈর থানায় অভিযোগ করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও ওই অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার গোসাত্রা ডা. জলিলুর রহমান উচ্চবিদ্যালয়ে যাওয়া-আসার পথে ছাত্রীদের বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছে একদল বখাটে। এর মধ্যে রয়েছে জালশুকা এলাকার মনসুর আলীর ছেলে লিটন, মোকছেদ আলীর ছেলে খোকন, দেলোয়ার হোসেনের ছেলে মিলন, কয়েদ আলীর ছেলে মিলটন, মনোয়ারের ছেলে হুমায়ূন, হযরত আলীর ছেলে শাহীন, মৃত হাকিম উদ্দিনের ছেলে আলামিন ও আবদুল সামাদের ছেলে রানা।

গত রোববার বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথেও ওই বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করতে শুরু করে। এ সময় এক ছাত্রীর চাচাতো ভাই দুলাল উদ্দিন বিষয়টির প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাঁকে মারধর করে। একপর্যায়ে তিনি দৌড়ে পাশের একটি বাড়িতে গিয়ে রক্ষা পান।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবাসহ এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার গোপের কাছে অভিযোগ করেন। প্রধান শিক্ষক গতকাল দুপুরে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।