উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীকে ছুরিকাঘাত
যশোরের কেশবপুর উপজেলায় গত রোববার উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীকে (১৭) ছুরিকাঘাত করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কেশবপুর কলেজের ওই ছাত্রীকে কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার কাঠমিস্ত্রি ওসমান (২৭) প্রায়ই উত্ত্যক্ত করতেন। রোববার বেলা একটার দিকে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে এলে ওসমান তাকে উত্ত্যক্ত করতে থাকেন। ওসমান একপর্যায়ে তাঁর প্রবেশপত্র কেড়ে নেন। এর প্রতিবাদ করলে ওসমান তার পেটে ও হাতে ছুরি মারেন। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আশপাশের লোকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এতে রোববারের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটি সে দিতে পারেনি। এ ঘটনায় রাতেই তাঁর বড় ভাই কেশবপুর থানায় ওসমানসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
গতকাল সোমবার দুপুরে ওসমানের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা আবু বক্কর বলেন, তাঁর ছেলের পেটে ও হাতেও ছুরিকাঘাত করা হয়েছে। তাঁকে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই ছাত্রীর ভাই আনোয়ার হোসেন বলেন, ওসমান মাদকসেবী।