উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীকে মারধর

টাঙ্গাইলের মির্জাপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কলেজছাত্রীকে একই কলেজের চার ছাত্র পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় সালিস বৈঠকে অভিযুক্ত ওই ছাত্রদের বেত্রাঘাত করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে কলেজ ছুটির পর একাদশ শ্রেণির ওই ছাত্রী হেঁটে বাড়ি যাচ্ছিল। পথে একই কলেজের স্নাতক শ্রেণির চার ছাত্র তাকে উত্ত্যক্ত করতে থাকেন। এর প্রতিবাদ করায় তাঁরা ওই ছাত্রীকে মারধর করেন। পরে তাঁরা মেয়েটির মাথায় থাকা স্কার্ফ টেনে খুলে ফেলেন। একপর্যায়ে মেয়েটি দৌড়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। ওই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে জড়িত ছাত্রদের গ্রেপ্তারের চেষ্টা চালান।
ঘটনাটি জানাজানি হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে সালিস বৈঠক হয়। সালিসে ওই চার ছাত্রকে বেত্রাঘাত করা হয়।
এসআই ফয়সাল আহম্মেদ জানান, ঘটনাটি জানতে পেরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তিনি কলেজ প্রাঙ্গণে যান। কিন্তু তখন তিনি কাউকে পাননি। পরে কলেজের অধ্যক্ষসহ পরিচালনা পরিষদের সদস্য ও ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করেন।