উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর বাবাসহ চারজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে ছাত্রী উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে থানায় মামলা করায় ছাত্রীর বাবাসহ চারজনকে কুপিয়ে জখম করেছে উত্ত্যক্তকারী ও তার স্বজনেরা। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ছাত্রীর বাসায় ঢুকে এই হামলা চালানো হয়।
গুরুতর আহত ব্যক্তিরা হচ্ছেন ছাত্রীর বাবা (৩৬) এবং দুই চাচা ও দাদা (৮০)। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বাবা ও দুই চাচাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ছাত্রীর বাবাকে সালিসের কথা বলে ডেকে নিয়ে নাজিরপুর বাজারে একটি চায়ের দোকানে উত্ত্যক্তকারীর লোকজন শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।
আহতদের স্বজন এক কলেজশিক্ষক বলেন, তাঁর ভাতিজি অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) পথে উত্ত্যক্ত করে আসছিল নবম শ্রেণির ছাত্র নুরুল ইসলাম।
বিষয়টি উত্ত্যক্তকারী ছাত্রের বাবা আবদুল হককে তাঁর বাড়িতে মৌখিকভাবে জানান ওই ছাত্রীর বাবা। একপর্যায়ে ছাত্রের বাবা আবদুল হক শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়ে বিদায় করেন ছাত্রীর বাবাকে। শেষ বিকেলে নাজিরপুর বাজারের নিজাম উদ্দিনের চায়ের দোকানে বিষয়টি সুরাহা করতে হাজির হন ছেলের বাবা ও তাঁর সমর্থক জয়নাল আবেদীন (৫০), আশরাফ হোসেন (৪৫), মিজানুর রহমান (২৫), মিল্টন (২২) ও বাবু (২২)।
ওই ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেন। পুলিশ রোববার রাতে অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করে। মামলায় ছেলেটির বাবা আবদুল হক ও তাঁর সমর্থক জয়নাল আবেদীন, আশরাফ হোসেন, মিজানুর রহমান, মিল্টন, বাবুসহ নয়জনকে আসামি করা হয়।
মামলা হওয়ার পর আসামিরা সংঘবদ্ধ হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মেয়ের বাবাসহ চারজনকে জখম করেন। মেয়ের এক চাচা অভিযোগ করেন, পুলিশের গাফিলতির কারণে ফের তাঁদের পরিবারের সদস্যরা নির্যাতনের শিকার হলেন। তাঁরা ওই আসামিদের শাস্তি দাবি করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, আসামি গ্রেপ্তারে কোনো গাফিলতি হয়নি। মূলত মামলার আসামি আয়নাল হোসেনকে বাদীপক্ষের লোকজন গতকাল সোমবার মারধর করায় আসামিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ফের হামলা চালিয়েছেন। পুলিশ নাজিরপুর বাজারে অবস্থান করছে। আসামিদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।
ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পেলে সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, মাঝে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ থাকার সুযোগে এ ধরনের ঘটনা (ইভ টিজিং) ঘটেছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে।
গত রোববার প্রথম আলোয় ‘উত্ত্যক্তকারীদের হাতে নির্যাতনের শিকার হলেন ছাত্রীর বাবা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।