উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিন শিক্ষার্থীকে মারধর, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবাদকারী তিন শিক্ষার্থীকে মারধর করে দুর্বৃত্তরা। আহত তিন শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় আধঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে উত্ত্যক্তের অভিযোগে পুলিশ সীমান্ত (২৫) নামের এক যুবককে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর মাঠে বাংলা বিভাগের আন্তবর্ষ ক্রিকেট খেলা চলাকালে বহিরাগত কয়েকজন যুবক মাঠের পাশে মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম ওরফে সাব্বির, আরিফুল ইসলাম ও সোহাগ ঘটনার প্রতিবাদ জানান। তখন বহিরাগতরা ক্যাম্পাস ছেড়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর বেলা একটার দিকে উত্ত্যক্তের প্রতিবাদকারী তিন শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে পার্কের মোড় এলাকায় যান। তখন উত্ত্যক্তকারী যুবকেরা সংঘবদ্ধ হয়ে তাঁদের মারধর করে পালিয়ে যায়।
এদিকে তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে কয়েক শ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান নেন। তাঁরা সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। প্রায় আধঘণ্টা পর পুলিশ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, উত্ত্যক্তের ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পার্কের মোড় এলাকার বাসিন্দা সীমান্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।