উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিনজনকে কুপিয়ে জখম
স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকায় গতকাল রোববার সকালে তিনজনকে কুপিয়ে জখম করেছেন কয়েকজন তরুণ।
আহত ব্যক্তিরা হলেন পাইকপাড়ার আবদুল রশিদ (৫২), তাঁর ছোট ভাই দুলাল উদ্দিন ভূঁইয়া (৪০) ও একই এলাকার আবদুল মালেক (৪৫)।
এলাকাবাসী ও ভুক্তভোগী ছাত্রীদের পরিবার সূত্রে জানা গেছে, তিন স্কুলছাত্রী গতকাল সকাল ১০টার দিকে স্কুলে যাচ্ছিল। পাইকপাড়ায় আরিফ হোসেন, মিনহাজ হোসেন, ফিরোজ উদ্দিন ও জাহাঙ্গীর মণ্ডল নামের চার তরুণ ছাত্রীদের উত্ত্যক্ত করেন। এ সময় আবদুল রশিদ এর প্রতিবাদ করলে তরুণেরা চলে যান। কিছুক্ষণ পর তাঁরা পিস্তল, চায়নিজ কুড়াল, রামদাসহ অস্ত্রশস্ত্র নিয়ে রশিদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। খবর পেয়ে তাঁর ছোট ভাই দুলাল উদ্দিন ও আবদুল মালেক এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে জখম করা হয়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে তরুণেরা পালিয়ে যান। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বলেন, ওই তরুণেরা মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এর আগেও ফিরোজকে পিস্তলসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের মাথায়, ঘাড়ে, পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে দুলাল উদ্দিনের অবস্থা গুরুতর।
কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম (এএসআই) বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।