উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিনজনকে পিটিয়ে জখম
এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবা, নানা ও দুই ভাইকে এক বখাটে ও তাঁর সহযোগীরা পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেওবাড়ি চাকলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজন জানান, উপজেলার দেওবাড়ি গ্রামের মহুর উদ্দিনের ছেলে রফিকুল (২০) ছয় মাস ধরে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছেন। গতকাল সকাল নয়টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রফিকুলের বাড়ির পাশ দিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় রফিকুল তার হাত ধরে টান দেন। ছাত্রীটি সেখান থেকে কৌশলে বাড়িতে এসে ঘটনাটি খুলে বলে।
কিছুক্ষণ পর এর প্রতিবাদ জানাতে ছাত্রীর বাবা (৪০) ও নানা (৫০) রফিকুলদের বাড়িতে যান। এ সময় রফিকুল ও তাঁর বড় ভাই লিটন (২২) লাঠি দিয়ে ওই দুজনের মাথা ফাটিয়ে দেন। একপর্যায়ে ওই ছাত্রীর দুই ফুফাতো ভাই এগিয়ে গেলে তাঁরা একজনের (মনির) মাথা ফাটিয়ে দেন ও অন্যজনের হাতে লাঠি দিয়ে আঘাত করেন। পরে স্বজনেরা তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শাহীনুর আলম বলেন, তিনজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে এবং আরেকজনের হাতে প্লাস্টার করা হয়েছে।
ওই ছাত্রীর মা বলেন, ‘রফিকুল কয়েক মাস ধরেই আমার মেয়েকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিল।’
ছাত্রীটির বাবা বলেন, এ ঘটনায় তাঁরা গতকাল বিকেলে রফিকুলসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রফিকুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আপনি যতটুকু শুনেছেন, ঘটনা ততটুকু নয়। মেয়েপক্ষের ইটের ঢিলে আমিও আহত হয়েছি।’
সখীপুরের দাঁড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাইফুল শামীম বলেন, ‘ঘটনাটি শুনে আমি আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। আমি তাঁদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি এবং মামলা করতে না করেছি। চিকিৎসা শেষে সালিস বৈঠকে বিষয়টি মীমাংসা করা হবে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।