উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে পিটিয়ে জখম
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গতকাল মঙ্গলবার দুই ছাত্রকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় পাঁচ তরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক ছাত্রীর অভিভাবক।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই তরুণ ওই দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুপুরে একই স্কুলের দুই ছাত্রের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। একপর্যায়ে দুই তরুণ ও তাঁদের সঙ্গীরা ওই দুই ছাত্রকে কাঠের লাঠি ও স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে জখম করেন। আহত দুই ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ওই দুই ছাত্র বিছানায় শুয়ে আছে। তারা বলে, ‘ওই দুজন দীর্ঘদিন ধরে আমাদের বাড়ির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করছে। এর প্রতিবাদ করলে তারা আমাদের পিটিয়ে আহত করে। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
হাজীগঞ্জ থানার এএসআই আল মামুন বলেন, ছাত্রীদের অভিভাবক বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।